ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮

রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হয়। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা (ছিনতাই বেড়েছে) বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। এটা যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা এলার্মিং কিছু না। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তার থেকে আরও উন্নতি করতে হবে। যেকোনো পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। 

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যাতে সবাই নির্বিঘ্নে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।  

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিশ্ব ইজতেমা বিষয়ে দুই পক্ষের (সাদ ও যোবায়ের গ্রুপ) সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর আবার বৈঠক হবে। বিশ্ব ইজতেমা গতবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিলো এবারো সেভাবেই অনুষ্ঠিত হবে। 

উপদেষ্টা বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে সেটা থেকে আরও উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদযাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।

ইত্তেফাক/এনএ