বেতন দিতে বিলম্ব হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাময়িক ছুটি ঘোষণা করেছে গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতন পরিশোধের পর নোটিশ দিয়ে পুনরায় কারখানাগুলো চালু করা হবে বলে জানানো হয়েছে। ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বেতন বকেয়া রাখা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে একধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো এ সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতন নিয়ে যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ বা আন্দোলন ছড়িয়ে না পড়ে সেজন্য শ্রমিকদেরকে সাময়িকভাবে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বেতন পরিশোধের পর মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে আবার কারখানা চালু করবে।
