থানায় কাজে গিয়ে গ্রেপ্তার হলেন মৎস্যজীবী লীগ নেতা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৯

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি মিথুন মোস্তারীম নবাবগঞ্জ থানায় কাজে এসে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মিথুন মোস্তারীম জমিসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় আসেন। এ সময় তার রাজনৈতিক পরিচয় পেয়ে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে থানার একটি কক্ষে বসিয়ে রাখা হয়। পরে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়।

আগলা ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মিথুন মোস্তারীম এক সময় যুবদল করতেন। এর পর কিছুদিন জাতীয় পার্টি করেন। পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের হাত ধরে মৎস্যজীবী লীগে যোগ দেন। বাগিয়ে নেন ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতির পদ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, মিথুন মোস্তারীমকে একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসএএস