নিজের চিরচেনা রূপ বদলে নতুন রূপে ধরা দিতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের দীর্ঘ ৮ বছর পর খলনায়িকা চরিত্রে অভিনয় করতে চলেছেন এ নায়িকা।
জানা যায়, জাহিদ জুয়েলের পরিচালনায় ‘পিনিক’ সিনেমায় প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন বুবলী। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার পার্শ্ববর্তী একটি লোকেশনে ছবিটির মারপিটের দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী।
গণমাধ্যমকে ছবির বিষয়ে প্রযোজক শিমুল খান বলেন, ‘প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প নিয়ে এ সিনেমা তৈরি করা হবে। সিনেমাটির বড় চমক হলো একটি চরিত্র ছাড়া সব চরিত্রই নেগেটিভ। একেবারে নতুন ভাবে পর্দায় বুবলীকে দেখা যাবে।’
এই ছবিতে বুবলীর সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। এদিকে কক্সবাজার ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। এর আগে তারা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন।
সিনেমার শুটিং প্রসঙ্গে পরিচালক জাহিদ জুয়েল জানান, ‘পিনিক’ এর শুটিং শুরু হয় নভেম্বরের দিকে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে বড় অংশের শুটিং শেষ করে দেশের বাইরে গানের শুটিং করার পরিকল্পনা রয়েছে তাদের। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।
এরপর ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।
