গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী। এসময় ভাঙনের হাত থেকে রক্ষায় বিশেষ মোনাজাতও করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকার নদীর তীরে এসব কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙন কবলিত এলাকার লোকজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মো. মাজেদুর রহমান মাজেদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহামুদুল হাসান প্রামানিক, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র নেতা প্রভাষক শাহাদত হোসেন সেলিম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলি পর্যন্ত হঠাৎ করে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরও শতশত বসতবাড়ি। নদী ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার অবস্থা হয়েছে।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, অব্যাহত নদী ভাঙনে ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে এখনো কোন পদক্ষেপ নেয়নি।
বক্তারা তাই দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উদ্যোগের দাবিও জানান।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় ভাঙনরোধে আমরা ইতোমধ্যে একটি সমীক্ষার কার্যক্রম শেষ করেছি। এবং একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন করা হলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।
