নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক মো. খোকন চৌধুরী বলেন, ‘লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সাথে কোন আলাপ-আলোচনা না করে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার আগেই চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। একারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয় নাই।’
তিনি আরও বলেন, ‘আমার পিতা মরহুম ঈমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বনীল চৌধুরী সোহাগ স্থায়ী ভাবে ঢাকায় বসবাস করে এবং একারণে আমাকেও ঢাকায় অবস্থান করতে হয়। যে কারণে আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।’
