ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি (৪৫) ও আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)। দীপক কাপাসিয়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে এবং খন্দকার মামুনুর রহমান ফরিদপুরের সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ইত্তেফাক/এসএএস