অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করবে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হলো, ইসরায়েলকে শক্তিশালী করা। এই সময়ে যা খুবই জরুরি।
নেতানিয়াহু বলেছেন, এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরও বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন।
৫০ হাজারের বেশি মানুষ এখন এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলের ইহুদি।
সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে।
১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমির অংশ দখল করে নেয়। ১৯৮১ সালে তা ইসরায়েলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে তা সিরিয়ার অঞ্চল হিসাবেই দেখানো হয়।
তথ্যুসূত্র: ডয়চে ভেলে বাংলা

