বগুড়া শহরের মাটিডালি এলাকায় এক আবাসিক হোটেল ম্যানেজার বিপুল মিয়াকে (৪০) উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে সদ্য বিবাহিত কন্যার কথিত প্রেমিক ও তার সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। রাত নয়টায় চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যায়।
নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আব্দুল মজিদ ব্যপারির ছেলে। সে মাটিডালি এলাকাতে সান সাইন নামের একটি আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে বেশ কয়েক বছর ধরে কর্মরত ছিলেন।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিপুল তার একমাত্র কন্যাকে বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তার কন্যার কথিত প্রেমিক মাটিডালি এলাকার হাফিজার রহমানের ছেলে শামীম। এরপর প্রলোভন দিয়ে ফুসলিয়ে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ওই বখাটে। এ ঘটনায় বিপুল বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেয়। পুলিশ অপহৃত মেয়েকে উদ্ধারে অভিযান চালায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে শামীম। বিপুলকে হত্যার উদ্দেশ্যে শামীম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র নিয়ে সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে ওঁৎ পেতে থাকে। বিকেলে বিপুল হোটেল থেকে বের হতেই ঘাতকরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় বিপুলের চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত নয়টায় চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পূর্ব ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
