পার্লামেন্টের বাইরে এমপির গুলিতে আরেক এমপি নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:১০

ককেসাস পর্বতমালার পাদদেশে অবস্থিত স্বায়ত্বশাসিত অঞ্চল আবখাজিয়ার রাজধানী সুখুমিতে পার্লামেন্টের বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন ভাখতাঙ্গি গোলান্দজিয়া নামের এক এমপি। গুলিবিদ্ধ আরেক এমপি ভাখতাং গোলান্দজিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদগুর খারাজিয়া নামের এক এমপি গুলি করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, পার্লামেন্টের কাছে গোলাগুলির পর ঘটনাস্থল নিরাপত্তার চাঁদরে ঘিরে ফেলা হয়েছে।

ভারপ্রাপ্ত অভ্যন্তরীণ মন্ত্রী রবার্ট কিউটের মতে, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরে মারা যান ভাখতাঙ্গি গোলান্দজিয়া। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন কাভারচিয়া, তবে তার জীবন ঝুঁকির মধ্যে নেই।

রবার্ট কিউট স্পুটনিককে বলেন, সন্দেহভাজন ব্যক্তি হলেন এমপি আদগুর খারাজিয়া। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আবখাজিয়া প্রজাতন্ত্রে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে এমপিদের মধ্যে বিরোধ শুরু হওয়ার পরে এমন ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবখাজিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বাদরা গুনবাকে ঘটনাটি অবহিত করেছে। হাসপাতালে আহত এমপিকে দেখতেও যান তিনি।

পুলিশ গোলাগুলির ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেশ থেকে প্রস্থানের রাস্তা বন্ধ ঘোষণা করেছে।

এমপি তথা রাজধানী সুখুমির প্রাক্তন মেয়র আদগুর খারাজিয়া এর আগেও আরও একটি বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিলেন।

২০২০ সালের ডিসেম্বরে খারাজিয়া তার এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর পায়ে গুলি করেন বলে অভিযোগ ওঠে। তবে ভুক্তভোগী প্রাণে থেকে বেঁচে গিয়েছিলেন। সে সময় খারেজিয়াকে গৃহবন্দী করা হয়েছিল।

প্রসঙ্গত, দক্ষিণ ককেশাস প্রজাতন্ত্র আবখাজিয়া ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এক যুদ্ধের পর জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ২০০৮ সালে রাশিয়া এবং অন্যান্য কয়েকটি দেশ আবখাজিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। তবে জর্জিয়া আবখাজিয়াকে তার সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসাবে বিবেচনা করে চলেছে।

ইত্তেফাক/এসকে