‘ব্যাচেলর পয়েন্ট’-এর বোরহান ভাইকে কমবেশি আমরা অনেকেই চিনি। এই বোরহান ভাইকেই এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক লুকে।
ডিজিটালাইজেশনের বদৌলতে বদলে যাওয়া আবহমান গ্রাম-বাংলার সমাজ ব্যবস্থায় সংস্কৃতি এবং অপ-সংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে দৈনন্দিন জীবনে ঘটে নানা রকম মজার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাহিদ হাসনাত-এর রচনা ও পরিচালনায় ওয়েব সিরিজ ‘পাগলা হাওয়া’।
গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেল প্রযোজিত কমেডি ধারার এই সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিরিজটিতে ভিন্ন এক লুকে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেতাকে। এই ধরনের চরিত্রে তাকে আগে কোনো গল্পে দেখা যায়নি।
সিরিজটিতে শরাফ আহমেদ জীবন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজী সহ আরও অনেকে।
বর্তমানে সিরিজটির প্রথম সিজনের শুটিং চলছে বলে নির্মাতা জানিয়েছেন। নির্মাণ শেষে খুব শিগগীরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটি প্রচারিত হবে।

