সালমান খান বলিউডের ভাইজান নামে পরিচিত। সালমান খানের সময়টা বর্তমানে ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় থাকায় একের পর এক হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। এমনকি তার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি কিনলেও সম্প্রতি তাকে বাবার পুরোনো বাইক ব্যবহার করতে দেখা গেছে, যা অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
মূলত কড়া নিরাপত্তার মাঝেই থাকেন সালমান। ফলে নিরাপত্তার মাঝেই চলছে ছবির কাজ। ‘বিগবস ১৮’-এর সঞ্চালনার কাজের সময়েও নিরাপত্তা থাকছে। কিন্তু হঠাৎ কড়া নিরাপত্তা ছেড়ে কেন বাবার পুরোনো বাইক চড়ছেন সালমান খান- প্রশ্ন অনুরাগীদের।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু ‘সিকান্দার’- এর শ্যুটিং নিয়ে ব্যস্ত সালমান। এই ছবিতেই চমকে দেবেন ভাইজান। বিশেষ দৃশ্যের জন্যই বাবার বহুকাল আগের একটি বাইকে চড়ছেন তিনি। এই বাইক সেলিম খানের জীবনে বিশেষ অর্থ বহন করে বলেও জানা গেছে। সেই স্মৃতিকেই নিজের ছবিতে ফিরিয়ে আনবেন এই বলি তারকা।
মূলত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। সেই কৃষ্ণসারকেই পূজা করেন বিষ্ণোইরা। তাই সালমান এখন লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। নিরাপদে নেই তার ঘনিষ্ঠ পরিজনেরাও। এর আগে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছেন লরেন্স বিষ্ণোই।
