চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সনাতনী জাগরণ জোট মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সাজু বৈদ্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ আদেশ দেন।
এর আগে সাজু বৈদ্যকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা।
প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সাইফুল ইসলাম আলিফ নামে একজন তরুণ আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

