ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:২২

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৫টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। তবে নদীতে কোনো ফেরি আটকে নেই।

বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঝুঁকিও রয়েছে চলাচলে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে তেমন গাড়ি নেই। এই রুটে ছোটবড় মিলে ৬টি ফেরি চলাচল করে নিয়মিত। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ইত্তেফাক/এএইচপি