ব্যাটিং নিয়ে সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন লিটন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:১১

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তবে পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। ফর্মে ফিরতে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন লিটন।

 টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ খেলে লিটন করেছেন মোটে ১৪ রান। রানখরা থেকে বের হয়ে আসতে সালাউদ্দিনের সঙ্গে কাজ করার কথা জানিয়ে লিটন বলেন, 'ব্যাটিংয়ে আমি চেষ্টা করছি। তিন ফরম্যাট খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি। সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল। আমাদের অনেক সহায়তা করছেন।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি। স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন। ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সাথে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব।'

সালাউদ্দিনকে নিয়ে লিটন আরও বলেন, 'সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি। নতুন কোচও। উনি কখনও খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না। আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের কথারও মূল্য আছে। এ জিনিসটা গ্রহণ করেন। সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম, আমরা বেশিরভাগই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি। সবাইকে চেনে। আলোচনা ভালো হচ্ছে ড্রেসিংরুমে। স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরণের কথা বলতে পারবেন। কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে।'

ইত্তেফাক/জেডএইচ