ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের একটি প্রাথমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি ছুড়ি হামলা চালানো হয়েছে। এতে সাত বছর বয়সী এক শিশু নিহত এবং ৮ জন আহত হয়েছে।
সিএনএন অধিভুক্ত এন১ জানিয়েছে, ১৯ বছর বয়সী হামলাকারী শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে। সে ছুরি নিয়ে শিক্ষক ও বেশ কয়েকজন শিশুকে আক্রমণ করে। হামলাকারী পুলিশের হেফাজতে রয়েছে।
হেলিকপ্টারে করে আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় স্বেতি দুহ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন লোক স্কুলের খেলার মাঠের একটি ভবন থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
শহরের মেয়র টমিস্লাভ তোমাসেভিচ ও স্বরাষ্ট্রমন্ত্রী দাভর বোজিনোভিচসহ বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ বলেন, এই মর্মান্তিক ঘটনায় দেশ মর্মাহত। স্বাস্থ্যমন্ত্রী ইরিনা হৃস্টিক হাসপাতালগুলোতে চিকিৎসারতদের দেখতে যাবেন।
ক্রোয়েশিয়া ও বলকান অঞ্চলে স্কুলে হামলার ঘটনা বিরল। গত বছর সার্বিয়ায় রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে প্রথমবার বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।
