চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে কোন্দল, হামলায় যুবক নিহত 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫

গাজীপুরের কালিয়াকৈরে বেকারি দোকান থেকে চাঁদা তোলা নিয়ে কোন্দলের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার উলুসাড়া চকিদারেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। আবুল কালাম চন্দ্রা সরকারি কলেজের ছাত্র এবং উপজেলার কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি নামে দুটি পক্ষ বেশ কিছুদিন ধরে হারুনুর রশিদের আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিলেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম, শাহরিয়ার নাফিসহ কয়েকজন হারুনের বেকারিতে চাঁদা তুলতে যান। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালান। এ সময় তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে বেকারির মালিক হারুন ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কালাম মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পিচ্চি আকাশ পলাতক রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আল্লাহর দান বেকারি কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কালাম নিহত হয়েছে। সে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এসএএস