সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, শনিবার ভোরে কলেজের ডিপ্লোমা ইন নাসিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার (১৯) কয়েকজন বন্ধুর সঙ্গে সাভারে বংশী নদীর অপর প্রান্তে গিয়েছিলেন। পরে সকাল ৯টার দিকে বাইসাইকেলে করে কলেজে ফিরছিলেন তিনি। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস সাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রত্যয় সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটি আটক করেন। তবে এর আগেই চালক ও চালকের সহযোগী বাস থেকে নেমে চলে যান। পরে পুলিশ প্রত্যয়কে পাশের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যয়ের নিহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে মানববন্ধন করেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে তারা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শিক্ষার্থীদের ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, সিআরপির নার্সিং কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা চলে গেছেন। প্রত্যয় সরকার নিহতের ঘটনায় ঠিকানা পরিবহনের একটি বাস আটক করা হয়েছে।
