আবাসন মেলার উদ্বোধন

ড্যাপে নির্মাণ বিধিমালা জটিলতা দুই সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেনারেল মো. ছিদ্দিকুর রহমান বলেছেন, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপে) নির্মাণ বিধিমালা নিয়ে জটিলতা আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। রাজধানীর আশপাশের শহরগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকার ওপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে আমাদের।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকার ওপর চাপ কমাতে আশপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব আয়োজিত এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ, রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহ-সভাপতি ও মেলা কমিটির চেয়ারম্যান আক্তার বিশ্বাস, কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মুক্তাদির প্রমুখ।

ইত্তেফাক/এনএ