বরগুনার বামনা উপজেলার একটি মাদরাসার মেঝে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এক নারী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসার মেঝে থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিখাত আরা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে যেকোনো সময় যে কেউ কাপড়ে পেঁচিয়ে মাদরাসার নিচ তলার মেঝেতে নবজাতককে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয় বাসিন্দারা নবজাতককে দেখতে পায়। মাদরাসা সংলগ্ন স্থানীয় এক বাসিন্দা মাফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেলের দিকে উপজেলা নির্বাহী অফিসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়।
শিশুটিকে উদ্ধার করা মাহফুজা বেগম গণমাধ্যমকে বলেন, প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে আছে। উপস্থিত অনেকেই মৃত ভেবে শিশুটির কাছে যায়নি, এমনকি অনেকে শিশুটিকে ফেলেও দিতে চেয়েছিল। পরে নিজের সন্তানের মতো করেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে ইউএনও নিখাত আরও বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

