গরু চুরির অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে পানির সঙ্গে চুন ও বালুর মিশ্রণ খাওয়ানোর পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা, স্বজন ও পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জাফলং চা-বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মোশাররফ হোসেন, আমির উদ্দিন, সালামসহ তাদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যান। এরপর তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে চোখে চুন দেওয়া হয়। পরে তাকে বালু ও চুনমিশ্রিত প্রায় এক লিটার পানি খাওয়ান তারা। একপর্যায়ে হেলাল অচেতন হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। সেখানেও তার ওপর নির্যাতন চলে। খবর পেয়ে গতকাল সকালে হেলালকে তাঁর স্বজনেরা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত বমি ও রক্তক্ষরণে মারা যান।
হেলাল উদ্দিনের চাচা মোহাম্মদ আলীর অভিযোগ, তার ভাতিজা হেলাল উদ্দিন পেশায় বালু-পাথরের শ্রমিক ছিলেন। ওই কিশোরের সঙ্গে প্রায়ই কাজে যেতেন। ঘটনার দিনও কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু তাদের চক্রান্ত করে চুরির অপবাদ দিয়ে দুটি গরুসহ আটক দেখানো হয়েছে। পরে মারধর করে হেলাল উদ্দিনকে চুন ও বালুমিশ্রিত পানি খাইয়ে দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মারধর এবং চুন ও বালু মিশ্রিত পানি খাওয়ানোর কারণেই হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
