কাজিপুরে রক্ষাবাঁধে ধস

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া এলাকায় যমুনার প্রবল স্রোতে রক্ষাবাঁধের মাথায় ধস দেখা দিয়েছে। উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়ায় রবিবার দুপুরে বাঁধের মাথায় ২শ মিটার ধসে গেছে। এতে নাটুয়ারপাড়া হাট-বাজারের ৪ শতাধিক ব্যবসায়ীরা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

বাঁধ ধসের খবর শুনে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও পিআইও একেএম শাহ্ আলম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে দোলশাদ সরকার, মোস্তাফিজুর রহমান মিলন জানান, রবিবার দুপুরে প্রবল স্রোতের আঘাতে নাটুয়ারপাড়া হাট-বাজারের পূর্ব পাশের বাঁধের মাথায় ধস দেখা দেয়। অল্প সময়ের মধ্যে প্রায় দুইশ’ মিটার বাঁধ যমুনার নিচের দিকে দেবে যায়। এভাবে চলতে থাকলে পুরো বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, যমুনার স্রোত বেড়ে যাওয়ায় নাটুয়ারপাড়া রক্ষাবাঁধের মাথায় ধস দেখা দিয়েছে। ক্রমেই তা তীব্র আকার ধারণ করছে। পরিদর্শন শেষে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজিপুর আসনের এমপি মোহাম্মদ নাসিম ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছেন।

ইত্তেফাক/আরকেজি