মিঠাপুকুরে ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:৫৫

রংপুরের মিঠাপুকুরে দিন দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেলযোগে বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে পৌঁছামাত্র মাহবুবুর রহমান উজ্জল নামে এক যুবক পথরোধ করে তাকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। এসময় চেয়ারম্যানের নাক ও মুখ ফেটে রক্ত বের হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী উজ্জল চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া, মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সম্পাদক শেখ সাদী সরকার ও যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ হাসপাতালে সাইদুরকে দেখতে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম সুমন জানান, চেয়ারম্যান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মুখ ও নাক দিয়ে রক্ত ঝরেছে। মাথায় বড় ধরনের সমস্যা হতে পারে।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।