ধারাবাহিক গল্প একটি দীর্ঘ সময়ের বলয় ঘিরে চলতে থাকে। পুরো সময়টা জুড়ে দর্শক এবং গল্পের চরিত্র একটি সম্পর্কের মধ্যে থাকে। যে পর্যন্ত না গল্পটি পরিণতি পাচ্ছে সে পর্যন্ত দর্শক গল্পের সঙ্গে থাকতে চায়। প্রযুক্তির ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজগুলো তা আবারো প্রমাণ করল।
দেশের ওয়েব সিরিজগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক নির্মাতা এবং অভিনেতা ওয়েব সিরিজের কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। এ বছরের আলোচিত কিছু ওয়েব সিরিজ নিয়ে লিখেছেন শিশির রোয়েদাদ।
'টিকিট'
বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতে মুক্তি পায় ওয়েব সিরিজ 'টিকিট'। রাতে বাস যাত্রার ঘটনাকে কেন্দ্র করে সিরিজটি সামনে এগিয়ে চলে। টাকার লোভে ক্রাইম করে দুই বন্ধু। লোভে পড়ে বাসের অন্য যাত্রীরা জড়িয়ে যায় ওদের সঙ্গে। শুরু হয় বিশৃঙ্খলা। কারা হবে বিশৃঙ্খলার বলি? কে জিতবে পুরস্কার? এটা নির্ধারণ করে একটি টিকিট!
মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প 'লটারি' অবলম্বনে ভিকি জাহেদ বানিয়েছেন সিরিজটি। ছয় পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন-সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, এ কে আজাদ সেতুসহ আরো অনেকে।
'আধুনিক বাংলা হোটেল'
হ্যালোউইন উপলক্ষ্যে মুক্তি পায় সিরিজ 'আধুনিক বাংলা হোটেল'। ৩টি গল্প নিয়ে সিরিজটি সাজানো হয়েছে। 'বোয়াল মাছের ঝোল', 'খাসির পায়া', 'হাঁসের সালুন'। খাবারের নামে গল্পের নাম দেখেই প্রথমে দর্শক আকৃষ্ট হয়েছে। সব গল্পে মোশাররফ করিমের উপস্থিতি পর্বগুলোকে আরো আকর্ষণীয় করেছে। তার অভিনয় দক্ষতা এই অ্যান্থোলজি সিরিজের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করেছেন দর্শক। এতে আরো অভিনয় করেছেন-গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ আরো অনেকে।
'গোলাম মামুন'
শিহাব শাহীন পরিচালিত সাহসী গল্পের ওয়েব সিরিজ 'গোলাম মামুন' এ বছর বেশ সাড়া ফেলেছে। পুলিশ কর্মকর্তা গোলাম মামুনের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সিরিজটি এগিয়ে চলে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার অভিনয়ের জাদু আবারো নতুনভাবে উপস্থাপন করেছেন গোলাম মামুনের চরিত্র ধারণ করে। গল্পে দেখা যায়, হুকুমদাতাদের কথায় সবকিছু হয়, কিন্তু তারা থাকে ধরা-ছোঁয়ার বাইরে। হুকুমদাতাদের কারণে দোষ না করেও দোষী হয়ে যায় কেউ। তাদেরই একজন গোলাম মামুন। সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, এই সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এতে আরো অভিনয় করেছেন-শার্লিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু প্রমুখ।
'চক্র'
১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য 'আত্মহত্যা' করেছিল। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে 'চক্র' সিরিজটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে নেটদুনিয়ায়। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন-তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে অভিনয়ের জন্য ফারিণ দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। এমন একটি রহস্যজনক ওয়েব সিরিজে কাজ করতে পারাটা নিজের জন্য আনন্দের বিষয় বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
'কালপুরুষ'
নতুন নির্মাতা সালজার রহমান-এর ওটিটিতে প্রথম কাজ ওয়েব সিরিজ 'কালপুরুষ'। রাতের বেলা ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত ফারিয়ার খুনি কে? সেটা খুঁজে বের করাকে উপজীব্য করেই সিরিজটির গল্প এগিয়ে চলে। এ সিরিজ দিয়ে দুই বছরের বিরতির পর এ বছর কাজে ফিরেছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। সিরিজটিতে অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, এফ এস নাঈমসহ আরো অনেকে।
'২ষ'
বছরের শেষ মাসে এসে মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় সিরিজ 'পেট কাটা য' এর দ্বিতীয় সিজন '২ষ'। এতে অভিনয় করেছেন-অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্ট ও রাফায়াতুল্লাহ সোহান প্রমুখ। পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে প্রথম পর্ব। অন্য পর্বগুলো হলো-'ভাগ্য ভালো', 'অন্তরা' ও 'বেসুরা'। সিরিজটি নির্মাণে মনস্তাত্ত্বিক নানা বিষয়কে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। যথারীতি ভয় পাওয়া ভূতের গল্প থেকে বেরিয়ে নির্মাতা চেষ্টা করেছেন দর্শকের মাঝে গল্পের মাধ্যমে একটি বার্তা পৌঁছে দিতে।
কয়েক যুগ টিভি নাটকের মুগ্ধতায় ছিলেন দর্শক। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজগুলো এই প্রজন্মের কাছে সেই নাটকগুলোর মতো জনপ্রিয় হয়ে উঠছে।

