পাকিস্তানি ব্যান্ড কাভিশ, অর্ণব-সুনিধি, শূন্য এবার একমঞ্চে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬

প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির। ব্লু ব্রিক কমিউনিকেশনসের আয়োজনে আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট। দুইদিনব্যাপী এই কনসার্টে মঞ্চ মাতাবে পাকিস্তান, বাংলাদেশের একাধিক ব্যান্ড ও শিল্পীরা। 

আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস জানিয়েছে, বর্তমান সময়ে মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত পাকিস্তানি ব্যান্ড কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের একাধিক জনপ্রিয় গান দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্যরকম উচ্চতা এনে দিয়েছে। প্রথমবারের মতো এই ব্যান্ডটি ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের মধ্যে দিয়ে বাংলাদেশে পারফর্ম করতে চলেছে।

‘ঢাকা ড্রিমস’ কনসার্টটি দুইদিন চলবে। প্রথমদিন (১০ জানুয়ারি) পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপর মঞ্চ মাতাবে কাভিশ।

দ্বিতীয়দিনের শুরুটা হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। সবশেষ মঞ্চে উঠবে কাভিশ। টানা দু’দিনই দর্শকদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপহার দিবে পাকিস্তানের এই ব্যান্ডটি।

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত  

১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত এই ব্যান্ড তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। ‘বাচপান’ এবং ‘তেরে পেয়ার মে’ গানগুলোর মতো কালজয়ী সুর নিয়ে কাভিশ প্রথমবারের মতো জাদুর শহর ঢাকাতে তাদের মুগ্ধতা ছড়াতে আসছে। 

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকিট ক্রয় করতে হবে। 

‘TicketBhai’ ওয়েবসাইটে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। সেখান থেকেই সাধারণ দর্শকেরা ‘ঢাকা ড্রিমস’-এর টিকিট সংগ্রহ করতে পারবেন। 

কনসার্ট প্রসঙ্গে ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন জায়গা করে থাকবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট নতুন বছরের অন্যতম সেরা উপহার হবে।’

ইত্তেফাক/এসএ