সীমান্তে প্রতিপক্ষকে পিঠ প্রদর্শন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদেরকে দেশের সীমানা রক্ষায় জীবন দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে; তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।' 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজ প্যারেড গ্রাউন্ডে (বিজিটিসিঅ্যান্ডসি) ১০২তম ট্টেনিং রিক্রুটমেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছবি: ইত্তেফাক

নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।

তিনি আরও বলেন, 'সীমান্তের অতন্দ্র প্রহরী' হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে।
 
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া ও বিজিটিসিএন্ডসি'র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান। 

অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ছবি: ইত্তেফাক

কুচকাওয়াজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশে কোনো শঙ্কার কারণ আছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল (সোমবার) মিয়ানমার সীমান্ত পরিদর্শন করে এসেছি। সেখানে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। 

লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম আরও বলেন, এখন মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের পতাকা বৈঠক করার মতো জায়গা নেই। যেহেতু তারা এই পাশে আসতে পারে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তবে তাদের সঙ্গে পতাকা বৈঠক করা ডিফিকাল্ট (কঠিন)। তবে এসবের মধ্যেও বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না কেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না সত্য। পরপর যে দুটি সীমান্ত হত্যা হয়েছে সেটি বিএসএফ নয়, খাসিয়াদের শত্রুতার কারণে তাদের নিজেদের মধ্যে। খাসিয়া পল্লীতে একটু সমস্যা রয়ে গেছে। 

সীমান্তে বাংলাদেশিদের হত্যা, মাদক-চোরাচালান বন্ধ হচ্ছে না, ভারত উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে। এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না বিজিবি, বুকটাই যেন দেখায়। যারা হুংকার দিচ্ছে, আমরাও বেশি করে প্রতি উত্তর দিচ্ছি।

ছবি: ইত্তেফাক  

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের (ভারত) মিডিয়া প্রচুর মিথ্যা তথ্য ছড়ায়। এই মিথ্যার প্রতি উত্তর আপনারা (সাংবাদিকরা) দিতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।
 
বিজিবিতে জনবল সংকট, সীমান্ত ও পাহাড়ে তারা অনেক কষ্ট করে ডিউটি করে। জনবল বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'আমি বিজিবিতে দুইবার চাকরি করেছি। একবার সেক্টর কমান্ডার এবং বিজিবির মহাপরিচালক ছিলাম। জনবল বৃদ্ধি, খাবার মান উন্নত, থাকার ব্যবস্থা উন্নতি করা দরকার। এই বিষয়গুলো আপনারা (সাংবাদিক) জাতির সামনে তুলে ধরেন। আমাদের জন্য এবং বাহিনীর জন্য অনেক উপকার হবে।' 

উল্লেখ্য, ১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এ শুরু হয়। ৬৯৫ জন রিক্রুটের মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দীর্ঘ ২৩ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।

ইত্তেফাক/এসএএস