ইসরায়েলজুড়ে সাম্প্রতিক ড্রোন হামলার নায়ক ও হামাসের নুখবা প্লাটুনের কমান্ডার আবদ আল-হাদি সাবাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নুখবা প্লাটুনের এই কমান্ডারকে দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামলা পরিচালনা করেছিলেন আবদ আল হাদি। আবদ আল হাদি সাবাহ খান ইউনিস অঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
আল আকসায় তেল আবিবের তাণ্ডবের জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে অভিযান চালায় হামাস। এ হামলায় এক হাজার ২০০ মানুষ নিহত এবং ২০০ মানুষ বন্দি হয়। ১০০ জন বন্দি এখনো ছাড়া পায়নি।
এরপর থেকে গাজাজুড়ে ইসরায়েলি গণহত্যামূলক তাণ্ডবে ৪৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সংঘাত পরবর্তীতে আরও তীব্র হয় ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহর অংশগ্রহণে।
