নতুন বছরে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩০

নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় দুই মুখ আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। তবে চমক হলো, তারা দুজন একসঙ্গে আসছেন নতুন গান নিয়ে। 

স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে ‘মন জানে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 

ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি। বিষয়টি নিয়ে আসিফ ও ইমরানের অগণিত ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইমরান মাহমুদুল ও আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

এ গান নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মন জানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

ইত্তেফাক/এসএ