চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে ৮৯০ কোটি টাকা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০২:০০

আগের বছরের চেয়ে গত বছর ৮৯০ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ৪,১৬৫ দশমিক ১৮ কোটি টাকা। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৫ দশমিক ৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৮৯০ দশমিক ৮১ কোটি টাকা। এই হিসাবে বিদায়ি বছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৩৯ শতাংশ। 

বুধবার (১ জানুয়ারি) সংস্থার চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ২০২৪ সালে বন্দরের উদ্বৃত্ত রাজস্বের পরিমাণ ২,৯৪৮ দশমিক ৯৭ কোটি টাকা যা ২০২৩ সালে ছিল ২,১৪৩ দশমিক ১০ কোটি টাকা। বিদায়ি বছরে রাজস্ব আয় বৃদ্ধির সঙ্গে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩ দশমিক ২৭ মিলিয়ন টিইইউএস (৩২ লাখ ৭৫ হাজার ৬২৭) কনটেইনার এবং ১২৩ মিলিয়ন মেট্রিক টন (১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪) কার্গো হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) এবং কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ১২ কোটি ২ লাখ ৩০ হাজার ২৯৩ টন। সে হিসাবে আগের বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ৪২ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিংয়ে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে ৩,৮৬৭টি। ২০২৩ সালে বন্দরে জাহাজ এসেছিল ৪,১০৩টি।

ইত্তেফাক/এমএএম