খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৬

খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোহাম্মদ কামাল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. রাকিব কাজী নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

পুলিশ সূত্রে জানা গেছে, সিমেন্ট বোঝাই ট্রাকটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। ট্রাকটি আলুটিলা ২০ নং এলাকায় পৌঁছালে একটি আরেকটি ট্রাক ওভারটেক করে আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত রাকিব বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা বলেন, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন, একজন চিকিৎসাধীন। তার অবস্থা মোটামুটি ভালো। বিস্তারিত পরে জানানো যাবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সকালে খাগড়াছড়ি আলুটিলা  ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান। আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি