চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিশান (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নওদাপাড়ায় সড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিক। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশান আলমডাঙ্গা কলেজে লেখাপড়ার পাশাপাশি পৌর শহরের একটি মাছের আড়তে কাজ করতেন। সকালে তার বন্ধু আশিকের মোটরসাইকেলে  আলমডাঙ্গায় মাছের আড়তে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নওদাপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিশান ছিটকে সড়কের উপর পড়ে যান। এ সময় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, সকালে নিশান তার বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে আলমডাঙ্গায় আসার পথে দুর্ঘটনায় শিকার হন। কিভাবে এক্সিডেন্ট হয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি