বসুন্ধরা কিংসের সময়টা ভালো যাচ্ছে না। ফুটবল লিগে তাদের বর্তমান অবস্থান খুবই নাজুক। মুখ দেখাবার মতো না। এত বড় বাজেটের দল, খুব বাজে রেজাল্ট করেছে। দেশের ফুটবলে সবচেয়ে বড় বাজেট যারা ব্যয় করছে, তারা এবার সুবিধা করতে পারছে না। মাঠের লড়াইয়ে খাবি খাচ্ছে। মোহামেডানের কাছে হেরে প্রথম হারের মুখ দেখল লিগে। ক্ষত শুকানোর মতো না। তার আগেই আবাহনীর কাছে আবার হার। আবাহনী সব দেশি ফুটবলার নিয়ে খেলল। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়লো।
পেনাল্টি পেয়েও গোল করতে পারল না সবচেয়ে বড় পারিশ্রমিকের ফুটবলার ব্রাজিলিয়ান মিগুয়েল। ফেডারেশন কাপে ব্রাদার্সকে হারাতে হয়েছে মাত্র ১-০ গোলে। লিগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১-০-তে পিছিয়ে থেকে গোল শোধ করতে নাভিশ্বাস উঠেছিল। যদিও কিংসের গোল নিয়ে বিতর্ক রয়েছে, ব্রাদার্স আপত্তি করে বলেছিল অফসাইডে দাঁড়িয়ে গোল করেছেন জনি। তারপরও বলতে হয় টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন কিংসের মতো দলের এই হালে ক্লাব কর্তৃপক্ষ মহাবিপাকে রয়েছেন।
লিগের মাত্র পাঁচ রাউন্ড শেষ। এখনো লম্বা পথ বাকি। লিগ শিরোপা জয়ের সব সম্ভাবনা রয়েছে কিংসের। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক চড়াই-উতরাই রয়েছে। তাতেই বা কী! মোহামেডান ও আবাহনী যেভাবে লড়াই করে ছয় পয়েন্ট কেড়ে নিয়েছে, তা মেনে নিতে পারছেন না কিংস কর্মকর্তারা। দলের মধ্যে একাধিক ফুটবলার খেলতে পারছেন না। রবসন নেই, সেটা একটা ব্যাপার মনে করছেন তারা।
ভালো মানের বিদেশি ফুটবলার আনতে চেয়েছিলেন। কিন্তু জুলাই-আগস্টের ঘটনায় কিংসের পছন্দ করা ফুটবলার বাংলাদেশে আসতে চায়নি। যারা ছিল তাদের নিয়েই বাধ্য হয়ে খেলতে হচ্ছে। এখন ইনজুরি সমস্যা রয়েছে। বিশ্বনাথ ঘোষ খেলতে পারছেন না। তার হাঁটুতে পানি জমে যেত। সেটা অপারেশন করাতে ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু হয়নি। থাইল্যান্ড গিয়ে অপারেশন করিয়ে এসেছেন। কিংসের খুব ভালো দিক হচ্ছে তাদের ফুটবলাদেরকে শতভাগ মেডিক্যাল সাপোর্ট দেন। কিংস সভাপতি ইমরুল হাসান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে কথা বলে ফুটবলারদের চিকিৎসার কাজগুলো সহজ করে নেন তিনি।
আরেক ডিফেন্ডার তারিক কাজী দেশে ফিরে গেছেন। ফিনল্যান্ডের নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত তারিক কাজী দ্বিতীয় দফায় সেনাবাহিনীর প্রশিক্ষণ নিচ্ছেন। প্রথম দফায় তিন মাস শেষ করে এবার বাকিটা শেষ করতে গেছেন। তাকে নিয়ে এখন আর নতুন কিছু ভাবছে না কিংস। কারণ ঢাকায় ফিরে ফিটনেস ফেরাতেই তার সময় লেগে যাবে। দাম দিয়ে আনা ফরাসি ফুটবলার খাসা প্রত্যাশা অনুযায়ী খেলা দেখাতে পারছেন না। তারও চোট সমস্যা রয়েছে। কিংস ফিরতি লিগে খেলোয়াড় তালিকায় কিছু পরিবর্তন আনতে চায়।
পরিকল্পনার তালিকায় বিদেশি ফুটবলারও রয়েছে। স্ট্রাইকিং পজিশনে ফুটবলার আনবে। জানা গেছে আর্জেন্টিনা থেকে একজন ভালো স্ট্রাইকার পছন্দ করে রাখা হয়েছে। দলের বর্তমান অবস্থায় কিংসের কর্মকর্তাদের মেজাজ নষ্ট করেছেন শেখ মোরসালিন। এমনিতেই মোরসালিনেরও চোট সমস্যা রয়েছে। কখনো দলের সঙ্গে কখনো নিজে আলাদা অনুশীলন করছেন। তার ওপর এর মধ্যে নারী-ঘটিত ঝামেলায় জড়িয়েছেন মদকাণ্ডে বিতর্কিত মোরসালিন।
অল্প বয়স, মাত্রই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন, বসুন্ধরা কিংসে ভালো পারিশ্রমিকও পাচ্ছিলেন। এখানে খেলে জীবন বদলে গিয়েছিল। সেই ছেলে বিমানবন্দরে ১০ বোতল মদ নিয়ে ধরা পড়েছিল। সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন ইমরুল হাসান। তারপরও নিজেকে শোধরাতে পারেনি মোরসালিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে মোরসালিন বিয়ে করে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়েছেন। এ নিয়েও ঝামেলা বেঁধেছে।
