নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে সর্বত্র ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সরকারিভাবে বই বিতরণ উৎসব করার কোনো নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে বিদ্যালয় এ অনুষ্ঠানটি করেছে।
তড়িঘড়ি করে অনুষ্ঠান করতে গিয়ে গত বছরের শেখ হাসিনার ছবি সংবলিত গত বছরের ব্যানার টানা হয়েছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ জানান, প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী ৩১ ডিসেম্বর অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। অনুষ্ঠানে এ বছরের ব্যানার না থাকায় তড়িঘড়ি করে গত বছরের ব্যানার টানিয়ে এ অনুষ্ঠান করায় তারা বিষয়টি অনুধাবন করতে পারেন। বিষয়টি দুঃখজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী জানান, বই বিতরণে কোনো উৎসব করার সিদ্ধান্ত ছিল না। সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার দিয়ে অনুষ্ঠানের খবরটি তার জানা নেই। বিষয়টি খতিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
