বিচারপতির কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:০২

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির সূত্র ধরে এ তথ্য জানান গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। 

এর আগে, বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ ঘটনায় মো. আক্তারুজ্জামান আক্তারকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো প্রকার অপকর্মের দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়। 

উল্লেখ্য, বুধবার ফুলপুর উপজেলার কালির বাজার এলাকায় নিজ গ্রামের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন বিচারপতি খুরশিদ আলম সরকার। সে সময় আক্তারুজ্জামান তার নিকট চাঁদা দাবি করলে তিনি তাকে পুলিশে সোপর্দ করেন। এর আগেও অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে চাঁদা দাবি করেছিলেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আক্তারুজ্জামানকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএস