জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। তার নতুন সঙ্গিনী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। বছরের শুরুতেই এ সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত-অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন।
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও তার বাগদত্তা রোজা আহমেদের বিয়ের ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ করে, রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে তাহসান সংবাদমাধ্যমকে বললেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
একাধিক সূত্রে জানা গেছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন।
পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।
তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

