মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে ১৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার হোসেন্দী এলাকায় সিটি অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে।
আহতরা হলো রিয়াজুল (৩২), নাইম (২০), মাহেদুল (২৪), মিন্টু (৩৫), সুমন (২৪), মামুন আলী (২৮), আবুবকর(২২), রাকিব (২৮), কামাল (৫০), মিরাজ (২২), আল আমিন (২২), রাজিউল (২২), মানিক (২৭), আজাদ (৩৫)। আহতদের অধিকাংশের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে।
আহত শ্রমিক সুমন বলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। শনিবার ভবনটির ছাদ ঢালাইয়ের তারিখ ছিল। সকাল ৭টা থেকে আমরা প্রায় ৩০-৪০জন শ্রমিক ঢালাই কাজ শুরু করি। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দুপুর একটা দিকে সাটারসহ ছাদের বড় অংশ ধসে পড়লে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোলাইমান বলেন, আমাদের হাসপাতাল এখনো পর্যন্ত ১৪ জন রোগী এসেছে। তাদের মধ্যে আজাদ, রাজিউল, আল আমিন ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আমি কথা বলার অবস্থায় নেই। বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি পরে কথা বলব।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, আমরা এখনো পর্যন্ত ১৪-১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমি নিজেও সেখানে যাচ্ছি।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
