মুন্সীগঞ্জের মাঠ মাত করে দিয়েছেন রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটঙ্গ। এই ফুটবলার গতকাল একাই হাফ ডজন গোল করেছেন। রহমতগঞ্জ ৬-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়েছে। ডাবল হ্যাটট্রিক স্যামুয়েলের। এর আগে প্রিমিয়ার লিগে ২০০৭ সালে ডাবল হ্যাটট্রিক করেছিলেন মোহামেডানের আফ্রিকান ফুটবলার নোয়ায়েন পল।
ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড আগেও ছিল। পেশাদার ফুটবলের আগে প্রিমিয়ার লিগ ছিল তার আগে প্রথম বিভাগ লিগ হতো। সেই লিগের ১৯৭৩ সালে প্রথম ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ছিলেন মোহামেডানের ফুটবলার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ফায়ার সার্ভিসের বিপক্ষে হয়েছিল সেটি। আবাহনী ১০-০ গোলে হারিয়েছিল রহমতগঞ্জকে। সেই ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছিলেন কাজী সালাহউদ্দিন। তিনি ৭ গোল করেন। এরপরও ওলালেকান বুকলা ৫ গোল করেছেন, সোলয়ামান দিয়াবাতে ৫ গোল করেছেন।
২৩, ৩৭, ৪৩, ৬৩, ৬৬, ৭০ মিনিটে গোল করেন স্যামুয়েল, মাঝে ৫০ মিনিটে ওয়ান্ডারার্সের সায়েফ সামসুদ গোল করেন। প্রিমিয়ার লিগে ঘানাইয়ান ফুটবলার স্যামুয়েলের ডাবল হ্যাটট্রিকে ফুটবলের সব আলোচনাও কেড়ে নিয়েছেন তিনি। এবারই প্রথম ঢাকার ফুটবলে খেলতে এসেছেন স্যামুয়েল। ঘানার একটি ক্লাবের ইয়ুথ দলে ছিলেন। সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। স্যামুয়েল বোয়াটঙ্গ দেশে ছেড়ে দূরের দেশে এসেছেন শুধু নিজেকে চেনানোর জন্য।
আরও পরিষ্কার করে বলতে গেলে নিজেকে চেনানোর জন্যই দেশ ছেড়ে এসেছেন। ঢাকার ফুটবলে এসেই জায়গা পাচ্ছিলেন না। কোচ কামাল বাবুর নজর কাড়তে সময় লেগেছিল। রহমতগঞ্জেরই আরেক ফুটবলার স্যামুয়েলের দেশ ঘানা থেকে আসা ফেলিক্স টিটেথ ছিলেন কোচ কামাল বাবুর সেরা একাদশের নিয়মিত ফুটবলার। ফেলিক্স ইনজুরিতে পড়ায় স্যামুয়েলের দুয়ার খুলে যায়। একাদশে জায়গা হয় স্যামুয়েলের। গতকাল ফিরেছেন ফেলিক্স। স্যামুয়েল লিগ ম্যাচে গোল করেছেন। ফেডারেশন কাপেও গোল করেছেন। গতকালসহ স্যামুয়েলের গোল সংখ্যা ৯টা।
গতকালকের ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪ বিদেশি নিয়ে মাঠে নেমেছিল রহমতগঞ্জ। চোট কাটিয়ে ফেরা ফেলিক্স গতকালই প্রথম মাঠে নামলেন কিন্তু ৭৫ মিনিটে বসে যেতে হয় তাকে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে গেছে রহমতগঞ্জ। পরশু ফর্টিসের বিপক্ষে আবাহনী গোল শূন্য ড্র করায় রহমতগঞ্জে এখন এককভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল।
৬ খেলায় ৫ জয়ে ১৫ পয়েন্ট রহমতগঞ্জের। দলের কোচ খুশি, তবে আকাশে চাঁদ ধরতে চান না কামাল বাবু। লিগ চ্যাম্পিয়ন কথাটা বলতেই থামিয়ে দিয়ে কামাল বাবু বলেন, 'মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, ব্রাদার্সের মতো দল নেই আমার। ঐ সব বড় দলের পরিবেশ অন্যরকম। তাদের খেলোয়াড়রাও আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমি লিগ চ্যাম্পিয়ন নিয়ে ভাবছি না। আমি ভাই ভালো অবস্থানে থাকতে পারলেই খুশি।' রহমতগঞ্জের পরবর্তী খেলা শুক্রবার মোহামেডানের বিপক্ষে, মুন্সীগঞ্জে।
