ওসি হারুনের পর মোশাররফ করিম এবার গোয়েন্দা পুলিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৮

‘মহানগর’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ওটিটি দুনিয়ায় রীতিমত হৈ চৈ ফেলেছিলেন মোশাররফ করিম। এবার সিরিজ নয়, রূপালি পর্দার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে আসছেন তিনি। সিনেমার নাম ‘চক্কর ৩০২’। থ্রিলার আর রহস্যের গল্পটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন।

শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমার সিনেমার গল্পই শক্তি, যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে। সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শকেরা গ্রহণ করবেন, আমি আশাবাদী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

গত মাসে সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানান, কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটি ‘ইউ’ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন।

ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

সিনেমাটির সেন্সরের খবর ফেসবুক পোস্টে মোশাররফ করিম লিখেছেন, ‘কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা। সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি। সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।’

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

পরিচালক জানান, সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এর আগে মোশাররফ করিম ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে সাড়া ফেলেন। এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে।

ইত্তেফাক/এসএ