অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬

অপহরণের ২ দিন (৫০ ঘণ্টা) পর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭৬) উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার করার পর শিবানন্দ রায় বণিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বাউফল থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভাণ্ডারে’ কাজ করছিলেন শিবানন্দ রায় বনিক। এসময় তার দুই কর্মচারী সংকর এবং তাপসও সাথে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়।

শিবু বণিক কয়েকটি কোম্পানির পণ্যের পরিবেশক। এ ছাড়া চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।

ইত্তেফাক/এএইচপি