কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল সবুজ চন্দ্র রায়, বিনয় চন্দ্র বর্মণ, শফিউল্লাহ ও মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, রোববার (৫ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকার হাফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করা হয়। তাদের পুলিশ ভ্যানে তুলে থানায় নেওয়ার সময় আরাজি পাইকডাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীর বড় ভাই আশরাফুল ও সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ি আটকে মাদক-কারবারি দম্পতিকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে রাতে আবারও অভিযান চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে একই ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে আরিফ ও তার বাবা আব্দুস ছালামকে আটক করে জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম।
ভুরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, অভিযান চালিয়ে ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ দুজন মাদক-কারবারিকে আটক করা হয়। পরে থানায় আনার সময় কিছু লোক তাদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে রাতে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
