তিতুমীর কলেজের মূল ফটকে লেখা ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন। মঙ্গলবার সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এমন কাজ করেছেন শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। এবার নিজেরাই কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়েছেন। কলেজটিকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান তারা।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজে মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা। সর্বশেষ গত শনিবার আজকের দিনের জন্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

কমিটির কার্যক্রমের সমালোচনা করে গণিত তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় একটি কমিটির কাজ চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে কমিটি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।

এর আগে গত ১৯ নভেম্বর সকাল থেকে বেলা ১১টায় মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি জানান।

একই দাবিতে আগের দিন ১৮ নভেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের' দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ১৯ নভেম্বর বিকালে এ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না তা যাচাইয়ে পরের সপ্তাহে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।

ইত্তেফাক/এনএন