নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের উপজেলার তেরো মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন হোসেন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান হাসান (২০)। নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে ফারদিন এবং রেজুয়ান মহাদেবপুরে ফিরছিলেন। এ সময় তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রেজুয়ানের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
