মোরেলগঞ্জ কৃষি অফিসে দুদকের অভিযান, হদিস নেই ১১ হারভেস্টার মেশিনের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:০১

সরকারের দেওয়া ভর্তুকি মূল্যের ১১টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন নিখোঁজের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ৭০ শতাংশ অর্থ ভর্তুকির মাধ্যমে সরকার দরিদ্র কৃষকদের সুবিধার্থে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোরেলগঞ্জে মোট ১৪টি হারভেস্টার মেশিন বিতরণ করে। যেগুলোর বর্তমান মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসেও বিতরণ করা হয় ৫টি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ পেয়েছেন একটি। 

দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে দুদকের আভিযানিক দলটি কম্বাইন হারভেস্টার মেশিন নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছে।

আরও জানা যায়, ৩টি মেশিনের সন্ধান পাওয়া গেছে। বাকিগুলোর বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এর সঙ্গে কারা জড়িত এবং মেশিনগুলো কোথায় আছে তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি। 

বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬টি মেশিন এখন এলাকায় আছে। অপর ৮টি কোথায়, কীভাবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এসএএস