নোয়াখালীতে বাঁশ-কাঠের জোড়াতালিতে চলছে ‘বড় সেতু’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

ঘটনা আরও চারমাস আগের। ভয়াবহ বন্যায় হঠাৎ ধসে পড়ে নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বড় সেতু। সেই থেকে বাঁশ-কাঠের জোড়াতালিতে সেতু পারাপার করছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এ সেতু ঘিরে বন্ধ রয়েছে যানচলাচল।

স্থানীয় বাসিন্দারা জানান, খিলপাড়া বাজার থেকে ২০০ গজ কাছাকাছি নয়নপুর সড়কে খালের উপরে নির্মিত এই সেতু। গত সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় সেতুর একাংশ ধসে পড়ে।এতে  সড়কের সঙ্গে সেতুর সংযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল।

সেতুর ধসে পড়া অংশে বাঁশ ও কাঠ জুড়ে দিয়ে পায়ে হেঁটে সেতু পারাপার করছেন স্থানীয়রা। অথচ খিলপাড়া বাজারটি নোয়াখালীর অন্যতম ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। ওই বাজারের সবরকম মালামাল পরিবহনে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলের সহজতম পথ জোড়াতালির সেতুটি। এই পরিস্থিতিতে অন্য পথে মালপত্র আনতে বেশি খরচ গুণছেন বাজারের ব্যবসায়ীরা।

খিলপাড়া বাজারের ব্যবসায়ী নুর আলম বিপ্লব জানান, সেতুর  সমস্যার কারণে বাজারে মালামাল আনতে খরচ বেশি হচ্ছে। সেপ্টেম্বরে সেতুটি ধ্বসে পড়ার পর স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও নিজ খরচায় বাঁশ-কাঠ দিয়ে চলাচল উপযোগী করা হয়েছিল। সেটি এখনও চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা নির্বাহী প্রকৌশলী রাহাত আলী বলেন, সেতুটি নির্মাণে সব প্রক্রিয়া শেষ হয়েছে। অফিসিয়াল কিছু কাজ বাকি আছে। সেটি শেষ হলেই শিগগিরই সেতু নির্মাণ কাজ শুরু হবে।

ইত্তেফাক/এপি