মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকবপুরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ বাকী (১৮)। তারা দুজনই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেল করে তারা দুই জন কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম হোসেন। তাছাড়া গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ বাকীকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
