লম্বা সময় ধরে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। তার হাত ধরে লম্বা সময় পর ফ্রান্সে এসেছে বিশ্বকাপও। সবশেষ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে তার দল। বলা যায় তার অধীনে ফরাসিরা সাফল্যে উড়ছেই। তবে এবার তিনি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৬ সালের বিশ্বকাপের পর তিনি ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিলেন। ২০২৬ সালে ফ্রান্সের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে, এরপর তিনি আর চুক্তি নবীকরণ করবেন না বলে সম্প্রতি জানিয়েছেন। ফ্রান্সের ফুটবল ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে কোচিং করানো ব্যক্তি।
সম্প্রতি ফ্রান্সের টিভি চ্যানেল টিএফ১-এ এই ঘোষণা দিয়েছেন দেশম। কারণ হিসেবে জানিয়েছেন, এটা থামার সঠিক সময়। তিনি বলেন, '২০২৬ সালে এটা শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একইরকম প্যাশন ও আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি; তবে ২০২৬ (বিশ্বকাপের পর) ইতি টানার দারুণ সময়। সবারই (নিজে থেকে একটা সময়) থামার সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকতে হবে। এরপরও জীবন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্রান্সের শীর্ষ অবস্থান ধরে রাখা, যেমনটা অনেক বছর ধরে তারা আছে।'
সামনের বছর মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এখনও পর্যন্ত তাতে নিজেদের জায়গা পাকা করেনি ২০১৮'র শিরোপা জয়ী ফ্রান্স। রিয়াল মাদ্রিদের হয়ে অফ ফর্মের জেরে দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। তবু দলের ছন্দ ফিরছে না। ঘরে-বাইরে চাপের মুখেই সম্ভবত দেশম এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ফুটবল মহল। যদিও এ প্রসঙ্গে তিনি কিছুই জানাননি।
