কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোর প্রতি নজর রাখছে রাশিয়া। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কানাডা ও গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের দাবির নাটকীয় ঘটনাবলি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, আমরা এই নাটকীয় ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ঈশ্বরকে ধন্যবাদ, এটি এখনো বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে!
রুশ বার্তা সংস্থা তাসের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, প্রকৃতপক্ষে এ ধরনের দাবি মূলত ডেনমার্ক ও অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ।
সম্প্রতি কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এ ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি এক্স পোস্টে ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ এবং ‘যুক্তরাষ্ট্র নয়’ পৃথক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়।
এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকিও দেন ট্রাম্প।
সম্প্রতি ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন। সেখানে তিনি বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে। কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে।
অপরদিকে, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বার বার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
