ফাঁকা বাড়ি থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল গতকাল রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী জানায়, ২০১৬ সাল থেকে ডাক্তার জামাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিলেন ওহাব। ডাক্তার জামাল অনেক দিন আগে মারা গেছেন। মারা যাওয়ার পর তার বাড়িটি ফাঁকা থাকতো। জামালের মেয়েরা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

আসিফ ইকবাল আরও বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয়তলার ছাদে ওঠার দরজার পাশে পড়ে থাকা অবস্থায় ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে ছিল। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমএএস