বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটার রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে রাজশাহী। ব্যাট হাতে ৪৮ রান করার পাশাপাশি বল হাতে জোড়া উইকেট শিকার করেন বার্ল।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্লের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী।
ইয়াসির ২৫ বলে ৪১ রান করে আউট হলেও ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। এছাড়া মোহাম্মদ হারিস করেন ২০ বলে ২৭ রান। খুলনার পক্ষে নাসুম আহমেদ নেন ২টি উইকেট।
১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় খুলনা। উইলিয়াম বোসিস্টো ৬ ও মিরাজ ১ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর নাইম শেখ ও আফিফ হোসেন মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তবে নাইম ২৮ বলে ২৪ ও আফিফ ৩০ বলে ৩৩ রান করে ফিরে যান। তাদের বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি খুলনার আর কোনো ব্যাটার।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১৫০ রান অলআউট হয় খুলনা। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও বার্ল নেন ২টি করে উইকেট।

