ঢাবিকে বিশেষ মর্যাদা দেয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে সরকারপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- ঢাবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এসময় তারা দেশের শিক্ষা ও গবেষণার প্রসার, আর্থসামাজিক উন্নয়ন, মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, চব্বিশের ছাত্র আন্দোলনসহ বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে অনন্য অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কয়েকটি ছাত্রী ও ছাত্র হল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সব অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনতে ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান, আবাসিক হল নির্মাণ, বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড গঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

ইত্তেফাক/কেএইচ